সুবিধা বঞ্চিত শিশুদের স্মার্ট ক্লাসরুমের জন্য অভিযাত্রিকের পাশে হুয়াওয়ে

১০ আগষ্ট, ২০২১ ১১:০২  
বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরির লক্ষ্যে বাংলাদেশের অভিযাত্রিক ফাউন্ডেশনকে ডিজিটাল উপকরণ ও অন্যান্য প্রয়োজনীয় ডিভাইস দিয়েছে হুয়াওয়ে। এসব উপকরণ ও ডিভাইসের মধ্যে রয়েছে হুয়াওয়ে ট্যাব, ল্যাপটপ, রাউটার, এক বছরের জন্য ইন্টারনেট গ্রাহকসুবিধা, শিক্ষার্থীদের জন্য পোশাক, ব্যাগ, স্টেশনারি, মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডার। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আহমেদ ইমতিয়াজ জামি’র কাছে সোমবার উপকরণ ও ডিভাইস প্রতিষ্ঠানটি হস্তান্তর করা হয়। উপকরণগুলো হস্তান্তর করেন হুয়াওয়ের সিএসআর হেড মি. এডি এবং তৌফিকুর রহমান। এ উপলক্ষে সোমবারের অনলাইন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এসময় বাংলাদেশের আইসিটি বিকাশে আন্তরিক প্রচেষ্টা এবং কর্পোরেট সামাজিক দায়িত্বে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য হুয়াওয়েকে আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষা উপমন্ত্রী। অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ঝাং ঝেংজুন, অভিযাত্রিক ফাউন্ডেশনের হেড অব এড্যুকেশন ডিরেক্টর খাদিজাতুল কোবরা ও হুয়াওয়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন। অনুদান বিষয়ে আহমেদ ইমতিয়াজ জামি ডিজিবাংলাকে জানিয়েছেন, অভিযাত্রিকের ৩টি স্কুল রয়েছে।  এরমধ্যে মিরপুর স্কুলের ১০০ শিক্ষার্থীরা এই ডিজিটাল ক্লাসরুমের সুবিধা পাবেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় কাজ করে আসছে অভিযাত্রিক ফাউন্ডেশন। পাশাপাশি আর্থ-সামাজিক নানাবিধ চ্যালেঞ্জ দূরীকরণেও কাজ করছে দেশীয় এ সংস্থাটি।